মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব ১৯৪৮ সালের ১৫ জানুয়ারি সাতক্ষীরা সদরের বুলারাটি গ্রামে জন্মগ্রহণ করেন। মাদ্রাসায় দাখিল থেকে কামিল পর্যন্ত পড়ার পর তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবিতে এমএ এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৮০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী ও ইসলামী শিক্ষা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৬ সালে আরবী বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর নেন। তিনি আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও আমীর এবং মাসিক 'আত-তাহরীক'-এর প্রধান সম্পাদক। তাঁর লেখা বইয়ের মধ্যে রয়েছে কয়েক খণ্ডের 'তাফসীরুল কুরআন', কুরআনের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ 'তরজমাতুল কুরআন', 'হাদীছের প্রামাণিকতা', 'যাকাত ও ছাদাক্বা' ও 'উদাত্ত আহ্বান'।
